স্টাফ রিপোর্টারঃ
জামালপুরের স্থানীয় সাপ্তাহিক পত্রিকা মুক্তকাল-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
বুধবার (৫ আগস্ট) বিকেলে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাপ্তাহিক মুক্তকাল-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তব্য দেন প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেসুর রহমান লিখন, জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল, দ্যা ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক মেহেরুল্লাহ, জামালপুর নিউজ ২৪-এর সম্পাদক সাইমুম সাব্বির শোভনসহ স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, স্থানীয় সংবাদপত্র একটি জেলার সমস্যা, সম্ভাবনা ও মানুষের প্রত্যাশার গুরুত্বপূর্ণ প্রতিফলন। প্রতিষ্ঠার পর থেকে মুক্তকাল বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পাঠকের আস্থা অর্জনের চেষ্টা করে যাচ্ছে। আগামী দিনেও পত্রিকাটি সত্য ও সাহসী সাংবাদিকতার ধারাবাহিকতা বজায় রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেসুর রহমান লিখন বলেন, “স্থানীয় গণমাধ্যমই মানুষের সবচেয়ে কাছের মাধ্যম। মুক্তকাল অল্প সময়ের মধ্যেই জামালপুরের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের বিষয়গুলো তুলে ধরে পাঠকের নজর কাড়তে সক্ষম হয়েছে। আমরা এর উত্তরোত্তর সাফল্য কামনা করি।”
জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল জলিল বলেন, “সাংবাদিকতার মূল শক্তি হচ্ছে বিশ্বাসযোগ্যতা। মুক্তকাল সেই বিশ্বাসযোগ্যতা ধরে রেখে এগিয়ে যাবে বলে আমরা প্রত্যাশা করি। স্থানীয় সাংবাদিকতায় পত্রিকাটির ভূমিকা আরও বিস্তৃত হবে।”
দ্যা ডেইলি ফ্রন্ট নিউজের সম্পাদক মেহেরুল্লাহ বলেন, “বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জের মধ্যেও একটি স্থানীয় পত্রিকার টিকে থাকা এবং পাঠকের কাছে পৌঁছানো সহজ নয়। মুক্তকাল সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে এক বছর সফলভাবে অতিক্রম করেছে।”
সভাপতির বক্তব্যে মুক্তকাল-এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আলী বলেন, “এক বছর আগে পাঠকের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে মুক্তকালের যাত্রা শুরু হয়েছিল। এই সময়ে পাঠক, শুভানুধ্যায়ী ও সহকর্মী সাংবাদিকদের সহযোগিতা আমাদের পথচলাকে আরও শক্তিশালী করেছে। আমরা সবসময় বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনকল্যাণমূলক সাংবাদিকতায় বিশ্বাসী। আগামী দিনেও জামালপুরের মানুষের কথা তুলে ধরতে মুক্তকাল অঙ্গীকারবদ্ধ থাকবে।”
আলোচনা সভা শেষে অতিথিরা পত্রিকাটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন এবং মুক্তকাল-এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন।




