মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুরের বকশীগঞ্জে ধানক্ষেত থেকে ইয়ার হোসেন (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২০ অক্টোবর) দুপুরের দিকে বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর মৌলভী পাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইয়ার হোসেন ওই গ্রামের রিকশাচালক ইসমাইল হোসেন ও গৃহিণী আনেজা বেগমের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৯ অক্টোবর) সন্ধ্যার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সারারাত খোঁজার পর সোমবার দুপুরে স্থানীয় কৃষকরা ধানক্ষেতে কাজ করতে গিয়ে শিশুটির মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন।
খবর পেয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, শিশুটির মুখ ও পায়ে রক্তের দাগ ছিল। গলায় আঘাতের চিহ্নও দেখা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে।
ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।”
নিহত শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।




