জামালপুর প্রতিনিধি:
জামালপুরে চোরাই মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-১)। গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় জেলা পুলিশ। এর আগে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত জামালপুর সদর ও মেলান্দহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—জামালপুর সদর উপজেলার বগাবাইদ বোর্ডঘর এলাকার নিরব হোসেন (২৬), কটারবাড়ী এলাকার মাহফুজ আহম্মেদ (৩০) এবং মেলান্দহ উপজেলার কুলিয়া দক্ষিণপাড়া এলাকার মো. বরকতউল্লাহ (২৮) ওরফে সবুজ মুন্সী।
পুলিশ জানায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ডিবি-১-এর একটি দল জামালপুর সদর উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে নিরব হোসেনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ৮টার দিকে ভারুয়াখালী বাজারের একটি মুদি দোকানে অভিযান চালিয়ে মাহফুজ আহম্মেদকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে নম্বরবিহীন লাল-কালো রঙের একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মোটরসাইকেলটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এরপর নিরব হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১১টার দিকে মেলান্দহ উপজেলার কুলিয়া দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে বরকতউল্লাহ ওরফে সবুজ মুন্সীকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে নম্বরবিহীন নীল রঙের একটি অ্যাপাচি আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, উদ্ধার করা দুটি মোটরসাইকেল যথাযথ জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে তাদের সম্পৃক্ততা ও ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, চোরাই যানবাহন উদ্ধার এবং এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জননিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ দমনে এ অভিযান অব্যাহত থাকবে।
চোরাই মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহন সম্পর্কে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
জামালপুরে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেপ্তার ৩
Oplus_131072




