জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের অপরাধে ধলা মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ধলা মিয়া বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার রাতে বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধলা মিয়াকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
পরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে মাদক সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনায় সহযোগিতা করেন বকশীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদ ও এসআই সায়োরার খান রাসেলসহ পুলিশের একটি দল।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন বলেন, সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




