মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের বাক্কার মোড় এলাকায় স্থানীয় জামায়াতের কর্মীদের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আনুষ্ঠানিকভাবে সাঁকোটির উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।
এ সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল আরমান, বকশীগঞ্জ পৌর মেয়র পদপ্রার্থী হাজী রাসেল মাহমুদ, ধানুয়া কামালপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ আনোয়ারুল ইসলাম, ঢাকাস্থ আদর্শিক বকশীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ হাসান রানা আশরাফুল ইসলাম দ্বীপসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ভারত থেকে নেমে আসা একটি খালের ওপর কোনো সাঁকো না থাকায় প্রায় ২০ থেকে ৩০টি পরিবারের সদস্যদের বাড়ি থেকে মূল সড়কে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, নারী, বয়স্ক ও রোগীদের চলাচলে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হতো।
এ অবস্থায় স্থানীয় জামায়াতের কর্মীরা নিজস্ব অর্থায়নে বাঁশের সাঁকো নির্মাণের উদ্যোগ নেন। সাঁকোটি নির্মিত হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে এবং তারা স্বস্তি প্রকাশ করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের কল্যাণে এ ধরনের জনসেবামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। ভবিষ্যতেও সাধারণ মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।




