মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুরের বকশীগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও চাকরিচ্যুতির হুমকি দেওয়ার অভিযোগে ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকীর অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকাদের উদ্যোগে উপজেলা মডেল মসজিদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষক মওলানা হামিদুল ইসলাম, মওলানা বেলাল হোসেন, মুফতী আবদুর রশিদ জাফরী ও শিক্ষক আজিজুন্নাহার।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার হিসেবে আসাদুল্লাহ সিদ্দিকী বকশীগঞ্জে যোগদান করেন। গত ৭ আগস্ট বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি সরকারি সফরে বকশীগঞ্জে এলে কয়েকজন শিক্ষক-শিক্ষিকা তাকে স্বাগত জানাতে যান।
এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী তাদের সঙ্গে অসদাচরণ ও অসৌজন্যমূলক আচরণ করেন এবং চাকরি খাওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন শিক্ষকরা।
বক্তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত ফিল্ড সুপারভাইজারকে বকশীগঞ্জ থেকে অপসারণের দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষক-শিক্ষিকারা বলেন, তাদের ন্যায্য দাবি ও সম্মান রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে সদ্য যোগদানকৃত ফিল্ড সুপারভাইজার আসাদুল্লাহ সিদ্দিকী অভিযোগ অস্বীকার করে বলেন, “কিছু শিক্ষক সুযোগ নিতে না পারায় আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাই তারা আমাকে এখান থেকে সরিয়ে দিতে চাচ্ছেন।”
মানববন্ধনে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।




