মাদারগঞ্জ প্রতিনিধি:
আবেগঘন পরিবেশে শেষ কর্মদিবসে বিদায়ী সংবর্ধনায় সিক্ত হলেন জামালপুরের মাদারগঞ্জের এফকেটিএসএসকেএ দাখিল মাদ্রাসার অফিস সহকারী মো. জোনাব আলী। অবসরজনিত কারণে মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৩টায় মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বারী। বক্তব্য দেন সহ-সুপার জয়নাল আবেদিন, বিদায়ী অফিস সহকারী মো. জোনাব আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক কামাল পাশা, সহকারী শিক্ষক জাকারিয়া আলম, মাসুদুর রহমান ও মজনু বিএসসি প্রমুখ।
এ সময় শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বিদায়ী অফিস সহকারী জোনাব আলীকে ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।
বিদায়ী বক্তব্যে জোনাব আলী কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। দীর্ঘ কর্মজীবনে সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা ও সহযোগিতার কথা স্মরণ করে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী জোনাব আলীসহ মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার নেক হায়াত ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
