মোহাম্মদ গোলাম মোস্তফা:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাট্টাজোড় কেরামতিয়া রিয়াজুল ইসলাম কামিল মাদ্রাসায় ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের শেষ ক্লাস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে মাদ্রাসা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুলতান মাহমুদ খুসরু। অনুষ্ঠানে মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আদেল ইবনে আউয়াল আরমান, সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম বেলালী, মাওলানা নুরুজ্জামান নুরী, শামছুদ্দোহাসহ মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়। পরে ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক আলোচনা করেন মাদ্রাসার শিক্ষকরা। বক্তারা পরীক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার, শৃঙ্খলা ও নৈতিকতার সঙ্গে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
এ সময় শিক্ষকরা বলেন, দাখিল পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। ভালো ফলাফলের পাশাপাশি একজন শিক্ষার্থীকে আদর্শ, সৎ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে ওঠার চেষ্টা করতে হবে। তারা পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ এবং ভবিষ্যৎ জীবনে মাদ্রাসার সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান।
শেষ ক্লাসকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যেও ছিল আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন একসঙ্গে ক্লাস করা সহপাঠী ও শিক্ষকদের সঙ্গে শেষ ক্লাসের স্মৃতি অনেক শিক্ষার্থীর চোখে-মুখে আবেগের ছাপ ফুটিয়ে তোলে।
আলোচনা শেষে ২০২৭ সালের দাখিল পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং পরীক্ষায় ভালো ফলাফল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




