জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অনলাইনভিত্তিক অ্যাপের মাধ্যমে সার বিতরণ কার্যক্রম নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম সার বিতরণে ফার্টিলাইজার ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (এফডিএমএস) নামের অ্যাপটির সুবিধা, কার্যকারিতা ও ব্যবহার পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় জানানো হয়, উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে একজন কৃষক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শন করে অ্যাপে তথ্য এন্ট্রি দেওয়ার পর নির্ধারিত পরিমাণ সার উত্তোলন করতে পারবেন। একই কৃষক দ্বিতীয়বার সার নিতে গেলে অ্যাপে তা শনাক্ত হওয়ায় পুনরায় সার উত্তোলনের সুযোগ থাকবে না।
সংশ্লিষ্টরা জানান, এই পদ্ধতি চালু হলে সার বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। পাশাপাশি ডিলারদের মাধ্যমে সার বিতরণে অনিয়ম, কারসাজি ও অব্যবস্থাপনা কমানো সম্ভব হবে। এতে প্রকৃত কৃষকের কাছে সঠিকভাবে সার পৌঁছানোর সুযোগ তৈরি হবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগের ফলে দীর্ঘদিনের সারসংকট ও বিতরণ ব্যবস্থাপনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা অনেকটাই নিরসন হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বকশীগঞ্জ উপজেলার তরুণ শিক্ষার্থী হৃদয় হাসান রাফি অ্যাপটি তৈরি করেছেন।
অবহিতকরণ সভায় বকশীগঞ্জে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




