মুসলিম ইবনে রবি, জাবিপ্রবি প্রতিনিধি:
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিতদের ফাঁসির রায় দ্রুত কার্যকর এবং ক্যাম্পাসে গোপন রাজনৈতিক তৎপরতা বন্ধের দাবিতে তিন দফা কর্মসূচি পালন করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখা ছাত্রদল। কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। পরে বর্তমান সরকারের প্রথম ১৮০ দিনের অর্জন ও পরিকল্পনা তুলে ধরে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন তারা।
এরপর জাবিপ্রবি শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ ও সদস্যসচিব যীনাত মিয়া আজিজুলের স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপাচার্যের কাছে হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে ছয়টি বিষয় উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি ক্যাম্পাসে একটি ছাত্রসংগঠনের কার্যক্রমকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সংবাদমাধ্যমে শিবির সভাপতির পক্ষ থেকে জাবিপ্রবি ক্যাম্পাসে তাদের ৩০০ জন সদস্য থাকার যে দাবি করা হয়েছে, তার স্বচ্ছতা নিশ্চিত করতে ওই সদস্যদের প্রকৃত পরিচয় ও সাংগঠনিক সম্পৃক্ততা যাচাইয়ের দাবি জানিয়েছে ছাত্রদল।
স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, সাধারণ শিক্ষার্থীদের নাম ও পরিচয় ব্যবহার করে তাদের অজ্ঞাতসারে কোনো সাংগঠনিক বা কথিত গোপন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে কি না, তা তদন্ত করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষার্থীদের রাজনৈতিক বা সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত করতে ভয়ভীতি, চাপ বা হুমকি দেওয়া এবং অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হচ্ছে কি না, সেটিও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
অভিযোগগুলোর সত্যতা যাচাইয়ে শিক্ষার্থীদের বক্তব্য ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে ছাত্রদল। সংগঠনটির নেতারা বলেন, রাজনৈতিক পরিচয় বা মতাদর্শের কারণে কোনো শিক্ষার্থী যেন ভীত বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব।
সমাবেশে জাবিপ্রবি শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ বলেন, মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাতজন নেতাকর্মীর ফাঁসির রায়ের প্রেক্ষাপটে তারা এ কর্মসূচি পালন করছেন।
তিনি বলেন, ‘আমাদের প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী একটি কথা বলেছিলেন—“জজ সাহেব, এই ট্রাইব্যুনাল যেন থাকে।” এই ট্রাইব্যুনাল বজায় থাকলে মানবতাবিরোধী অপরাধে যুক্ত অন্যদেরও ফাঁসি নিশ্চিত হবে।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্তদের ফাঁসির রায় অবশ্যই কার্যকর করবে, ইনশাআল্লাহ।



