Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:15 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে ঐতিহাসিক জুলাই স্মরণে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে ঐতিহাসিক জুলাই স্মরণে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোহাম্মদ গোলাম মোস্তাফা।।

জামালপুরের বকশীগঞ্জে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের স্মরণে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জুলাই ঐক্য বকশীগঞ্জ’-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জুলাই আন্দোলনের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের তাৎপর্য তুলে ধরা হয়।

Advertisement

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বকশীগঞ্জ উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উলফাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. বায়েজিদ আলামিনের সভাপতিত্বে এবং গণঅধিকার পরিষদের সভাপতি শাহরিয়ার আহমেদ সুমনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার নওশেদ আলী, পৌর জামায়াতের সভাপতি আব্দুল মতিন, আহত জুলাই যোদ্ধা শহিদুল ইসলাম সানী, সাবেক ছাত্রদল সভাপতি সরকার রাসেল, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ আহমেদ রাজু, ছাত্রশিবিরের সভাপতি রেজুয়ানুল হক সিদ্দিক, রাশেদুজ্জামান রাজু, হাসান মাহমুদ, এফ. এ. জুমানসহ বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই ঐক্যের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত দুই শহীদের পরিবারের সদস্য এবং আহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলন দেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন পরবর্তীতে দেশব্যাপী গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলনের ধারাবাহিকতায় দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন ঘটে। তারা আন্দোলনে নিহতদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস সঠিকভাবে তুলে ধরার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, জুলাই আন্দোলনের চেতনা ও আদর্শকে সমুন্নত রাখতে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং আন্দোলনের মূল্যবোধ সংরক্ষণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Advertisement