Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:32 pm
বকশীগঞ্জ

বকশীগঞ্জে কৃষককে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি

বকশীগঞ্জে কৃষককে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারের দাবি

জামালপুরের বকশীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষক জহর আলীকে হত্যাচেষ্টার প্রতিবাদে এবং জোরপূর্বক জমি দখলের অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়া কান্দা গ্রামের এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

Advertisement

মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী কৃষক জহর আলীর স্ত্রী মাহফুজা বেগম, জাহিদুল ইসলাম, আবদুল মান্নান ও প্রিয়া বেগমসহ স্থানীয়রা।

মানববন্ধনে কৃষক জহর আলীর স্ত্রী মাহফুজা বেগম অভিযোগ করে বলেন, গত ১৩ আগস্ট বেলা ১১টার দিকে তাঁর স্বামী জমিতে ধান চাষ করতে গেলে একই এলাকার ছানোয়ার হোসেন, আনোয়ার হোসেন, নুর আলম ও রাব্বি মিয়ার নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তাঁর স্বামী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তাঁর ভাতিজা জাহিদুল ইসলাম ও জিয়াউল হকসহ পরিবারের অন্য সদস্যদেরও মারধর করা হয়। এ সময় তাঁর স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

মাহফুজা বেগম বলেন, ঘটনার পর থেকে মামলা তুলে নিতে তাঁদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এতে তাঁরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, হামলা ও জমি দখলের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন কৃষক নিজের জমিতে চাষাবাদ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন—এটি অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী, ভুক্তভোগী পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement