মোহাম্মদ গোলাম মোস্তফা ||
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নে রাতের আঁধারে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টায় উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের দক্ষিণ কুতুবেরচর গ্রামের নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী যুবরাল মিয়া।
লিখিত বক্তব্যে যুবরাল মিয়া বলেন, জীবিকার তাগিদে তিনি পরিবার নিয়ে ঢাকায় রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রীর মালিকানাধীন ১৮ শতাংশ জমির ওপর তাদের বসতঘর ও বাড়ি নির্মিত। দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে তার ভাই নেহাল মিয়ার সঙ্গে পারিবারিক বিরোধ চলে আসছে।
তিনি অভিযোগ করেন, গত বুধবার দিবাগত রাতে টানা বৃষ্টির সুযোগে রাত প্রায় ৪টার দিকে নেহাল মিয়া, হাছেন আলী, নুর হোসেন ও রেজাউল করিমের নেতৃত্বে একদল লোক তার বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরবাড়ি ভাঙচুর করে এবং ঘরের আসবাবপত্রসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বর্তমানে বসতভিটা ছাড়া তাদের আর কিছুই অবশিষ্ট নেই বলেও দাবি করেন তিনি।
যুবরাল মিয়া আরও অভিযোগ করেন, হামলার পর অভিযুক্তরা তাদের বসতভিটাও জোরপূর্বক দখলের চেষ্টা করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং তার পরিবারকে নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য এবং স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাছেন আলী ও রেজাউল করিম হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ অস্বীকার করেন।




