জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মারিয়া বেগম ইতি (২৫) নামে এক নারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তার স্বামী ও কথিত মাদক ব্যবসায়ী রুবেল মিয়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
সোমবার (১৭ আগস্ট) সকালে বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকায় রুবেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে মারিয়া বেগম ইতিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ থানা পুলিশ সকালে সীমারপাড় এলাকায় রুবেল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে রুবেল মিয়া পালিয়ে গেলেও তার স্ত্রী মারিয়া বেগম ইতি পুলিশের হাতে আটক হন। পরে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে ৪শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করেছিল। আটক মারিয়া বেগমের স্বামী রুবেল মিয়াও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, আটক মারিয়া বেগম ইতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।” তিনি মাদকের ভয়াল ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মাদকসংক্রান্ত তথ্য পুলিশকে জানানোর আহ্বান জানান।
মাদকবিরোধী অভিযানে একের পর এক আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরলেও পলাতক রুবেল মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




