মোহাম্মদ গোলাম মোস্তফা :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা গ্রামের দশানী নদীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) বিকেলে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই তীরে ভিড় করেন বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো দর্শক।
প্রতিযোগিতার উদ্বোধন করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক। উদ্বোধনী বক্তব্যে বলেন, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে পাঁচটি নৌকা অংশগ্রহণ করে। এর মধ্যে ছিল সাজলের চর এলাকার মো. হারুন মণ্ডলের “দুরন্ত”, সাত নম্বর চর এলাকার ফারুক আহম্মেদ স্বপনের “উড়ন্ত পাখী”, শরীষাবাড়ী থানার মো. রমজান আলীর “একতা”, ময়মনসিংহের মহিষমারী এলাকার তাহের ফরাজীর “স্বাধীন বাংলা” এবং কান্দার চর এলাকার রাকিব মণ্ডলের “আকাশমনি” নামের নৌকা।
প্রতিযোগিতা চলাকালে বৈঠার ছন্দ, মাঝিদের প্রাণপণ চেষ্টা এবং দর্শকদের উচ্ছ্বাসে পুরো দশানী নদী মুখরিত হয়ে ওঠে। প্রতিটি নৌকার মাঝিরা বিজয়ের লক্ষ্যে সর্বোচ্চ চেষ্টা চালান, যা উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও অরাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে দর্শকরা প্রতি বছর ধারাবাহিকতা বজায় রাখার দাবি জানান।
আয়োজকদের মতে, নৌকা বাইচ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি বাংলার হাজার বছরের ঐতিহ্য, সম্প্রীতি ও গ্রামীণ সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ। তাই নতুন প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে তুলে ধরতেই প্রতিবছর এমন আয়োজন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।




