মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় আগাম প্রস্তুতি জোরদারের লক্ষ্যে একটি বিশেষ দুর্যোগ মোকাবিলা মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিকেলে উপজেলার মাদারেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দাতা সংস্থা স্টার্ট নেটওয়ার্ক-এর সহযোগিতায় এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ঢাকা আহছানিয়া মিশন-এর উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়।
মহড়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্ব মুহূর্তে কীভাবে নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে, জীবন ও গবাদিপশু রক্ষা করতে হবে এবং জরুরি পরিস্থিতিতে করণীয় কী—এসব বিষয়ে স্থানীয় বাসিন্দাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। বাস্তব পরিস্থিতির আদলে পরিচালিত এ মহড়ায় অংশগ্রহণকারীরা দুর্যোগকালীন প্রস্তুতি ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল কুদ্দুস, ঢাকা আহছানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার নাসির উদ্দিন সেলিম এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান লাভলু। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ মহড়ায় অংশ নেন।
সংশ্লিষ্টরা জানান, দুর্যোগের আগাম প্রস্তুতি, জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা গড়ে তুলতে এ ধরনের বাস্তবভিত্তিক মহড়া অত্যন্ত কার্যকর। এতে দুর্যোগজনিত প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।




