Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:57 pm
জামালপুর

মেলান্দহ উপজেলা পরিষদের ব্যাটারি নিখোঁজ কাণ্ড: অফিস সহায়ক রাসেলকে শোকজ

মেলান্দহ উপজেলা পরিষদের ব্যাটারি নিখোঁজ কাণ্ড: অফিস সহায়ক রাসেলকে শোকজ
স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ কার্যালয় থেকে আইপিএসের দুটি ব্যাটারি নিখোঁজ হওয়ার ঘটনায় অভিযুক্ত অফিস সহায়ক রাসেলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা পরিষদ কার্যালয়ের আইপিএসের দুটি ব্যাটারি নিখোঁজ হওয়ার পর নৈশ্যপ্রহরী হুমায়ুন মেলান্দহ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করলে পরদিন উপজেলা পরিষদ ভবনের নিচতলা থেকে ব্যাটারি দুটি উদ্ধার করা হয়। তবে কীভাবে ব্যাটারিগুলো সেখানে এল, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়।
ঘটনার পর অভিযোগকারী নৈশ্যপ্রহরী হুমায়ুন দাবি করেন, অফিস সহায়ক রাসেল ব্যাটারি দুটি সরিয়ে নিয়ে বিক্রি করেছিলেন। যদিও এ অভিযোগের বিষয়ে রাসেলের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, “ঘটনার প্রাথমিক তদন্তের ভিত্তিতে অভিযুক্ত অফিস সহায়ক রাসেলকে শোকজ করা হয়েছে। তার   ব্যাখ্যা পাওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয়  ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি থানায় দায়ের করা অভিযোগের তদন্তও চলমান রয়েছে।”
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন,উপজেলা পরিষদ থেকে ব্যাটারি নিখোঁজের পর নেশ্যপ্রহরী  থানায় লিখিত অভিযোগ দেন। তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিত্যক্ত অবস্থায় উপজেলা পরিষদ কার্যালয়ে ব্যাটারি দুটি পাওয়া গেছে এমনটি জানিয়েছে  উপজেলা পরিষদের কর্মচারীরা।
Advertisement