সাজ্জাদ হোসাইন শাহিন-স্টাফ রিপোর্টার:
জামালপুরের মেলান্দহে খুশি এন্টারপ্রাইজে পেট্রোলে রং মিশিয়ে অকটেন তৈরি করে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে পাউডার রং, পেট্রোল ও অকটেনের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
তবে পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত জ্বালানিতে ভেজাল রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাচ্ছে না।
সোমবার (১৩ জুলাই) দুপুরে মেলান্দহ বাজার থেকে নাংলা রোড এলাকার খুশি এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির সামনে থাকা পেট্রোলবোঝাই একটি লরি জব্দ করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পেট্রোলে কেমিক্যাল ও রং মিশিয়ে অকটেন হিসেবে বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় দোকান থেকে পাউডার রং, পেট্রোল ও অকটেনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
মেলান্দহ বাজারের তেল ব্যবসায়ী শুকুর আলী অভিযোগ করে বলেন, “খুশি এন্টারপ্রাইজের মালিক আইয়ুব আলী পেট্রোলে কেমিক্যাল মিশিয়ে কম দামে বিক্রি করছেন। এতে সাধারণ ক্রেতারা বিভ্রান্ত হচ্ছেন এবং আমাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি বৈধভাবে ব্যবসা করলে আমাদের কোনো আপত্তি নেই। প্রশাসনের কাছে আমাদের দাবি, ভেজাল জ্বালানি বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।”
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরা বলেন, “তেলের মালিককে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। জ্বালানির নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত ওই প্রতিষ্ঠানে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”




