Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:35 am
মাদারগঞ্জ

মাদারগঞ্জ সরকারি হাসপাতালে দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক রোগী ভর্তি, ডায়রিয়ায় আক্রান্ত ৭৫

মাদারগঞ্জ সরকারি হাসপাতালে দুই সপ্তাহে প্রায় ৩ শতাধিক রোগী ভর্তি, ডায়রিয়ায় আক্রান্ত ৭৫

আব্দুর রহিম খান।। 

মাদারগঞ্জ প্রতিনিধি:

Advertisement

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা ১০০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে গত দুই সপ্তাহে ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৩ শতাধিক রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন। বর্তমানে ৪০ জন ডায়রিয়া রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে হাসপাতালের চতুর্থ তলায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিলা ও পুরুষ ওয়ার্ড মিলিয়ে ৫০টি শয্যা থাকলেও রোগীর চাপ এতটাই বেশি যে অনেককে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। ভর্তি রোগীদের অধিকাংশই ডায়রিয়ায় আক্রান্ত। এছাড়া পেটব্যথা, জ্বর, সর্দি-কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসেছেন। ইতোমধ্যে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। হাসপাতালে বর্তমানে মুক্তি (২০) নামে এক ডেঙ্গু রোগীও চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের নার্স ইনচার্জ নুরানি আক্তার জানান, গত ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত ৭৫ জন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ৪০ জন চিকিৎসাধীন আছেন। একই সময়ে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৩ শতাধিক রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. আবু রায়হান বলেন, ডায়রিয়া মূলত পানিবাহিত রোগ। বর্ষা ও অতিবৃষ্টির কারণে অনেক টিউবওয়েলের গোড়ায় পানি জমে দূষণের আশঙ্কা তৈরি হয়েছে। সময়মতো চিকিৎসা শুরু করলে অধিকাংশ রোগী তিন দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠেন, তবে কারও কারও ক্ষেত্রে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, কয়েক দিন আগের তীব্র গরমের পর বর্তমানে পানিবাহিত সংক্রমণ বাড়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। তবে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং অনেক রোগী ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ভর্তি রোগীদের সার্বক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক ও নার্সরা দায়িত্ব পালন করছেন।

Advertisement