মোহাম্মদ গোলাম মোস্তফা : জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের তরমুজপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তরমুজপাড়া এলাকায় একটি মহল অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা ও সমালোচনা সৃষ্টি হলে মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানকালে মাটি কাটার অভিযোগের প্রমাণ পাওয়ায় এর সঙ্গে জড়িত মোস্তফা মিয়াকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
স্থানীয় সচেতন মহল বলছে, বকশীগঞ্জের বিভিন্ন এলাকায় ফসলি জমি ও নদ-নদীর তীর থেকে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন তারা।
একই সঙ্গে ফসলি জমি ও নদ-নদী রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।




