মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে মাদক মামলার আসামি মিজান মুন্সী আদালতে হাজিরা দিতে গিয়ে গ্রেফতার হয়েছেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার ২ নম্বর কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান এলাকার বাসিন্দা মিজান মুন্সীর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট একটি মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তাকে গ্রেফতার করা হয়। পরে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি গাঁজা বিক্রির অভিযোগে পরিচালিত এক অভিযানের সময় পুলিশের এক সোর্সকে মারধর করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। ওই অভিযানে গাঁজাসহ একজনকে আটক করা হয়। এ ঘটনায় মাদারগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে মিজান মুন্সীকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় বলেন, “সম্প্রতি মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের সোর্সকে মারধরের মামলার আসামি মিজান মুন্সী আদালতে হাজিরা দিতে গেলে তাকে গ্রেফতার করা হয়। এলাকায় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”




