Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:35 pm
দেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড

দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড
মোহাম্মদ গোলাম মোস্তফা।।
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মাদক সেবন এবং পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘদিন ধরে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে মো. মারুফ (৪৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার পৌর শহরের ভবসুর এলাকায় অভিযান পরিচালনা করে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. মারুফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মারুফ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মাদক সেবন করে পরিবারের সদস্যদের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ করে আসছিলেন। এ বিষয়ে প্রাপ্ত একাধিক অভিযোগ ও তথ্যের ভিত্তিতে ভবসুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে দণ্ডাদেশ দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন বলেন, “মাদক সেবন ও পারিবারিক অশান্তি সৃষ্টির দায়ে মো. মারুফকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক নির্মূলে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না; তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
Advertisement