Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:36 pm
দেওয়ানগঞ্জ

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে অপপ্রচারের প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন

মো. আবুসাঈদ গালিব, দেওয়ানগঞ্জ (জামালপুর):
জামালপুরের দেওয়ানগঞ্জে চর বাহাদুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. বাদশা মিয়াকে হেয়প্রতিপন্ন ও কমিটিকে বিতর্কিত করার উদ্দেশ্যে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে চর বাহাদুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভোটাভুটির মাধ্যমে মো. বাদশা মিয়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে পরাজিত হয়ে প্রতিপক্ষ আব্দুল মালেক উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগসহ বিভিন্ন মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করে কমিটিকে বিতর্কিত করার চেষ্টা করছেন।

Advertisement

বক্তারা এসব অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধ এবং অপপ্রচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে মো. জোব্বার আলী, জামাল উদ্দিন, রফিকুল ইসলাম, গোলাম আযম, ইসমাতারা বেগম, মোছা. আলেমা বেগম ও আয়শা খাতুনসহ অনেকে বক্তব্য দেন।

নবনির্বাচিত সভাপতি মো. বাদশা মিয়া বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বিধি অনুযায়ী তাকে সভাপতি নির্বাচিত করেছেন। কিন্তু নির্বাচনে পরাজিত হয়ে আব্দুল মালেক নবনির্বাচিত কমিটিকে বিতর্কিত করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন। এর প্রতিবাদেই এলাকাবাসী মানববন্ধনের আয়োজন করেছেন।

মানববন্ধন থেকে অপপ্রচার বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

Advertisement