স্টাফ রিপোর্টার: জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসন ও দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের মধ্যে প্রথমবারের মতো প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ম্যাচে সাংবাদিকদের হারিয়ে জয় পেয়েছে উপজেলা প্রশাসন একাদশ।
বুধবার (১২ আগস্ট) বিকেলে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসাহ-উদ্দীপনা। খেলা দেখতে মাঠে উপস্থিত হন উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
খেলায় উপজেলা প্রশাসন দলের অধিনায়ক ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। অন্যদিকে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব দলের নেতৃত্ব দেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামছুল হুদা (রতন)। দলের কোচের দায়িত্ব পালন করেন সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক মিকা।
উপজেলা প্রশাসন দলের হয়ে মাঠে নামেন এসিল্যান্ড মাহমুদুল ইসলাম, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর মো. মহির উদ্দিন, উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আবু খায়েরসহ অন্যরা।
দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের হয়ে খেলায় অংশ নেন সহসভাপতি নূর ই ইলাহী, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ আবু সাইদ গালিব, কার্যনির্বাহী সদস্য এহসানুল মাহবুব সাজিদ, সাগর আলী, রিফাত, শামীমসহ অন্য সাংবাদিকরা।
খেলা শেষে দেওয়ানগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শামছুল হুদা (রতন) বলেন, ‘স্বাধীনতার ৫৬তম বছর চলছে। এই প্রথম দেওয়ানগঞ্জ প্রেস ক্লাব বনাম উপজেলা প্রশাসনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হলো। এরপর মাঝেমধ্যেই এ ধরনের প্রীতি ম্যাচের আয়োজন করা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, ফুটবল খেলাকে ঘিরে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের মধ্যে প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়েছে। এ ধরনের প্রীতি ম্যাচের মাধ্যমে প্রশাসন ও সাংবাদিক সমাজের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।
খেলাকে কেন্দ্র করে দিনভর উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে ছিল হাসি-আনন্দ ও প্রাণচাঞ্চল্য। প্রতিযোগিতার মাঠে জয়-পরাজয় থাকলেও প্রীতি ম্যাচটি দুই পক্ষের মধ্যে সৌহার্দ্য ও পারস্পরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার একটি সুন্দর উপলক্ষ হয়ে ওঠে।




