Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:36 pm
দেওয়ানগঞ্জ

মাদক, ধর্ষণ, মারামারি, দখল-চাঁদাবাজি চলবে না: দেওয়ানগঞ্জে মিল্লাত

মাদক, ধর্ষণ, মারামারি, দখল-চাঁদাবাজি চলবে না: দেওয়ানগঞ্জে মিল্লাত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে আয়োজিত সমাবেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, এলাকায় মাদক, ধর্ষণ, মারামারি, দখল ও চাঁদাবাজি কোনোভাবেই চলতে দেওয়া হবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) বৃষ্টিকে উপেক্ষা করে দেওয়ানগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

মন্ত্রী বলেন, ‘মাদকের কোনো প্রকার জায়গা দেওয়া যাবে না।’ এ সময় তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষকে হাত তুলে মাদক নির্মূলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘আমি হুকুম দিচ্ছি—যেখানে মাদক পাওয়া যাবে, যে মাদক সেবন করবে, যে মাদক রাখবে—আমাদের পুলিশ কর্মকর্তাকে বলে যাচ্ছি, কোনো অবস্থাতেই তাকে ছেড়ে দেওয়া হবে না।’

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘এই এলাকায় কোনো ধর্ষণ চলবে না, কোনো মারামারি-কাটাকাটি চলতে পারবে না। কোনো দখল, চাঁদাবাজিও করা চলবে না।’

এসব অপরাধের সঙ্গে জড়িতদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা যারা এসব করো, যে কারণে করো, যে ইনকামের জন্য করো—আল্লাহর রহমতে সেই ইনকামের ব্যবস্থা আমি করে দেব, ইনশাআল্লাহ।’ দলের প্রত্যেকটি ছেলে কাজ পাবে বলেও তিনি উল্লেখ করেন।

উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, যমুনা রক্ষা বাঁধ, ব্রিজ, কালভার্ট ও রাস্তা নির্মাণসহ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি কাজ করবেন। ‘আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে চাই’—বলেন তিনি।

তিনি বলেন, ‘দেখতে চাই সকলের জন্য সমতার বাংলাদেশ।’ শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়ে তিনি জানান, সরকার ইতোমধ্যে ১০ হাজার যুবককে বিনা খরচে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ এলাকার বেকার যুবকদের তালিকা করে সেই অনুযায়ী বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ এলাকার কোনো স্কুল কাঁচা থাকবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, পাঁচ বছরের মধ্যে পর্যায়ক্রমে সড়ক, পুল-কালভার্ট ও স্কুল পাকাকরণ করা হবে। বড় বড় ব্রিজ নির্মাণের জন্য ইতোমধ্যে সাতটি প্রকল্প অনুমোদন হয়েছে বলেও জানান তিনি।

যমুনা নদীর বাঁধ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের এই যমুনার বাঁধ প্ল্যানিং কমিশন পাস করেছে। প্রি-একনেকেও পাস হয়েছে। এখন একটি কাজ শেষ হলেই এই বাঁধের টেন্ডার হবে।’
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ঘটে। উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান মন্ত্রী।

Advertisement