টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার সময় পিকআপভর্তি ওষুধসহ এক চালককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশ পিকআপ ও চালককে ভূঞাপুর থানায় নিয়ে যায়।
বুধবার (২৬ আগস্ট) রাতে ভূঞাপুর উপজেলার যমুনা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওষুধগুলো নদীতে ফেলার প্রস্তুতিকালে তারা পিকআপটি আটক করে পুলিশে খবর দেন।
চালক ও পিকআপের মালিক আজমত দাবি করেন, ওষুধগুলো ঘাটাইল উপজেলা সরকারি হাসপাতালের এবং মেয়াদোত্তীর্ণ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে তিনি এগুলো নিষ্পত্তির জন্য নিয়ে এসেছিলেন। এর আগেও একইভাবে মেয়াদোত্তীর্ণ ওষুধ ফেলে দেওয়ার কথা জানান তিনি।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ওষুধগুলো তাদের হাসপাতালের বলে স্বীকার করেছেন।
পরে ওষুধের পরিমাণ যাচাই করতে ২০টি বস্তা খোলা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পিকআপে বিপুল পরিমাণ ওষুধ রয়েছে এবং আরও বস্তা রয়েছে। তবে ওষুধগুলো কীভাবে মেয়াদোত্তীর্ণ হলো, কার নির্দেশে নদীতে ফেলার জন্য নেওয়া হয়েছিল এবং এতে কোনো অনিয়ম হয়েছে কি না—তা এখনও স্পষ্ট নয়।
ভূঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম জানান, বিষয়টি জেলা সিভিল সার্জনকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু জানান, ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হবে। তদন্তে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
