মাদারগঞ্জের চর শুভগাছা ও আশপাশের এলাকায় কৃষিকাজে ব্যবহৃত সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। সর্বশেষ ২৫ আগস্ট রাতে উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর শুভগাছা এলাকায় কৃষক সুরুজ মন্ডলের সেচ লাইনের খাম্বা থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কৃষক সুরুজ মন্ডলের অভিযোগ, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা তার সেচ লাইনের খাম্বা থেকে ট্রান্সফরমারটি খুলে নিয়ে যায়। সকালে বিষয়টি জানতে পেরে তিনি হতাশ হয়ে পড়েন। ট্রান্সফরমার চুরি হওয়ায় সেচ পাম্প বন্ধ রয়েছে, ফলে সময়মতো জমিতে পানি দিতে না পারায় ফসল নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।
এর আগে চলতি মাসেই মাদারগঞ্জের তারতাপাড়া এলাকাতেও কৃষি সেচের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। পরপর এমন ঘটনায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম উদ্বেগ, ক্ষোভ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
কৃষকদের অভিযোগ, সেচের ট্রান্সফরমার চুরি হওয়ায় একদিকে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে, অন্যদিকে সেচ ব্যবস্থা বন্ধ থাকায় ফসল উৎপাদনও ব্যাহত হচ্ছে। নতুন ট্রান্সফরমার স্থাপন না হওয়া পর্যন্ত বিকল্পভাবে সেচ দিতে গিয়ে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে কৃষকদের।
স্থানীয় কৃষকরা বলছেন, একটি ট্রান্সফরমার চুরি মানে শুধু একটি বৈদ্যুতিক যন্ত্রের ক্ষতি নয়। এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকের ফসল, উৎপাদন খরচ এবং পুরো মৌসুমের ভবিষ্যৎ। তাই চোরচক্র শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সেচ ট্রান্সফরমারের নিরাপত্তায় কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
কৃষক সুরুজ মন্ডলসহ স্থানীয় কৃষকরা চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারে দ্রুত পদক্ষেপ এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।




