মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে এনজিওর মাধ্যমে গরু দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে মোহাম্মদ আলী জিন্নাহ নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া জিন্নাহ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং একই এলাকার সাবেক ইউপি সদস্য মরহুম বদিউজ্জামাল বদির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালে এনজিওর মাধ্যমে গরু পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা সংগ্রহ করেন। পরে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। একপর্যায়ে তিনি এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ রয়েছে।
দীর্ঘদিন অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদ তার বেতন-ভাতাসহ প্রশাসনিক কার্যক্রম স্থগিত করে। পরে পাওনা টাকা না পেয়ে এক ভুক্তভোগী তার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। সেই মামলার ভিত্তিতেই পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, প্রতারণার মামলার আসামি মোহাম্মদ আলী জিন্নাহ দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে।




