জামালপুরের মাদারগঞ্জে সজিব (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা দুইটার দিকে মাদারগঞ্জ পৌরসভার বাণিকুঞ্জ এলাকায় নিজ বাড়ির একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
নিহত সজিব ওই এলাকার ফল ব্যবসায়ী নজরুল ইসলাম ভুট্টোর বড় ছেলে। স্থানীয়রা জানান, সজিব দীর্ঘদিন ধরে বাড়ির একটি কক্ষে একাই থাকতেন। বুধবার দুপুরে তাঁর কক্ষের জানালা খোলা থাকায় বাইরে থেকে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান কয়েকজন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রতিবেশী আলমগীর হোসেন ও এনামুল হক জানান, সজিব দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন বলে তাঁরা জানতেন। এ কারণে তিনি বাড়িতে একাই থাকতেন। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাঁর বাবাকে বিষয়টি জানান।
সজিবের খালা আঞ্জুয়ারা বেগম বলেন, প্রায় তিন-চার বছর আগে সজিবের জন্য মেয়ে দেখতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তাঁর মামা শফিকুল মারা যান। ওই দুর্ঘটনায় সজিবও মাথায় আঘাত পান। এরপর থেকেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে দাবি করেন তিনি। পরে তাঁর বিয়ে হলেও স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। এরপর থেকে অনেকটা একাকী জীবন কাটাচ্ছিলেন সজিব।
নিহতের বাবা নজরুল ইসলাম ভুট্টো আগে ফলের ব্যবসা করতেন। ঋণের কারণে ব্যবসা ও জমি বিক্রি করতে হয়েছে বলে স্থানীয়রা জানান। বর্তমানে তিনি কুমিল্লায় হাওয়াই মিঠাই বিক্রি করেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি বাড়িতে ফেরেন। এদিকে খবর পেয়ে সজিবের মা বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েন।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় বলেন, ‘পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সজিব মানসিক সমস্যায় ভুগছিলেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’
পুলিশ ঘটনাটি তদন্ত করছে।




