জামালপুরের মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে হলি মিশন স্কুল এন্ড কলেজের আয়োজনে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৪টায় বালিজুড়ী এস এম ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে চতুর্থ শ্রেণির মুখোমুখি হয় পঞ্চম শ্রেণি। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে চতুর্থ শ্রেণিকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পঞ্চম শ্রেণি।
খেলা ঘিরে মাঠে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দুই দলের খেলোয়াড়রা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত একমাত্র গোলে জয় নিশ্চিত করে পঞ্চম শ্রেণি।
খেলায় সভাপতিত্ব করেন হলি মিশন স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান সেলিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি মিশন স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান আবু সাইম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলি মিশন হাইস্কুলের পরিচালক শরিফুল ইসলাম।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা বিজয়ী দলকে অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে খেলাধুলার চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চার প্রতি আগ্রহ সৃষ্টি, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর লক্ষ্যেই এই আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।




