মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা সংরক্ষণ এবং জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির নুরুল আমিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি ফরহাদ হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের সাবেক আমির শাহীন আক্তার পিটার, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সাদিউর রহমান সাদী, পৌর জামায়াতের আমির আতিকুর রহমান সেলিম, যুব জামায়াতের সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জামালপুর জেলা ছাত্রশক্তির যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি।
সভাপতির বক্তব্যে নুরুল আমিন বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছিল, তার বাস্তব প্রতিফলন এখনো দেখা যায়নি। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সরকার বিলম্ব করছে এবং জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে।
তিনি আরও বলেন, “জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের আন্দোলন আরও জোরদার করা হবে।”
বক্তারা তাদের বক্তব্যে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য বাস্তবায়ন, রাজনৈতিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি বালিজুড়ী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশ ও গণমিছিলে ১১ দলীয় ঐক্যের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী এবং সমর্থক উপস্থিত ছিলেন।




