মোহাম্মদ গোলাম মোস্তাফা :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণমিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলার মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বকশীগঞ্জ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। স্লোগানে স্লোগানে মুখরিত মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত জুলাই জাতীয় সনদ কার্যকর করতে হবে এবং গণভোটের মাধ্যমে জনগণের দেওয়া রায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জুলাইয়ে সংঘটিত গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান তারা। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যের বিকল্প নেই।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট মাওলানা নাজমুল হক সাঈদী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বকশীগঞ্জ উপজেলা আহ্বায়ক মোসাদ্দেকুর রহমান মানিক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বকশীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আওয়াল আরমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. আব্দুল মকিত, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির মাওলানা আব্দুল মতিনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমির, দায়িত্বশীল ও বিপুল সংখ্যক নেতাকর্মী।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নিতে হবে।




