জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি নামাপাড়া এলাকায় দীর্ঘদিনের ভোগদখলে থাকা বসতভিটা জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে ন্যায়বিচারের দাবি জানিয়েছেন তারা।
বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী বয়েজ উদ্দিন, বুলাল হোসেন ও আলম মিয়া।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আলম মিয়া অভিযোগ করেন, প্রতিবেশী তসলিম উদ্দিন, মুসলিম উদ্দিন ও বিলুনী বেগমসহ কয়েকজনের সঙ্গে তার বাবা বয়েজ উদ্দিন ও চাচা বুলাল হোসেনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
আলম মিয়া বলেন, ওই বিরোধের জেরে গত ৬ আগস্ট সকালে তসলিম উদ্দিন, মুসলিম উদ্দিন, আইকুল, জিদ্দি বেগম, বিলুনী বেগমসহ কয়েকজন পূর্বপরিকল্পিতভাবে তাদের বসতভিটা ও জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় তারা বসতভিটার টিউবওয়েল ও ল্যাট্রিন ভাঙচুর করে এবং বাঁশের চেংগার দিয়ে বেড়া দিয়ে দেন। এতে পরিবারের সদস্যরা টিউবওয়েল ব্যবহার করতে পারছেন না এবং পানি ও পয়ঃনিষ্কাশন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় আদালতে এজাহার দায়ের করার পর অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং তাদের পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন। এতে তিনি ও তার চাচার পরিবার চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
ভুক্তভোগীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে বসতভিটা দখলের চেষ্টায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান। একই সঙ্গে তারা নিজেদের নিরাপত্তা নিশ্চিত এবং ন্যায়বিচারের দাবি করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।




