Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:12 pm
মুক্তদেশ

পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা, উত্তপ্ত সৈয়দপুর উপজেলা পরিষদ

পরিদর্শন কক্ষ উদ্বোধন নিয়ে দুই এমপির বাগ্‌বিতণ্ডা, উত্তপ্ত সৈয়দপুর উপজেলা পরিষদ

নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদের নবনির্মিত ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধনকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডায় জড়িয়েছেন দুই সংসদ সদস্য (এমপি)। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম ও বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্য বিলকিস ইসলামের মধ্যে এ ঘটনা ঘটে।

সূত্রমতে, নবনির্মিত উপজেলা পরিষদ ভবনে পরিদর্শন কক্ষ উদ্বোধনের সময় নামফলকে হাফেজ আব্দুল মুনতাকিমের নাম দেখে ক্ষুব্ধ হন বিলকিস ইসলাম। এ নিয়ে প্রথমে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে পরিদর্শন কক্ষে বসেই প্রায় ঘণ্টাব্যাপী চলে বাগ্‌বিতণ্ডা।

Advertisement

এ সময় বিলকিস ইসলাম বলেন, এখানে আমাকে কেন প্রধান অতিথি করা হয়নি? আর ফলকে কেন শুধু একজনের নাম লেখা হয়েছে? এই পরিদর্শন কক্ষ কি শুধু আব্দুল মুনতাকিমের?

এর জবাবে সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বলেন, এটা ৩৫০ জন জাতীয় সংসদ সদস্যের। এখানে সবাই আসবেন, কাজ করবেন। কিন্তু এলাকাটা যেহেতু আমার তাই ফলকে আমার নামই থাকবে।

আব্দুল মুনতাকিম আরও বলেন, নারী এমপিদের এলাকা নির্ধারণ করে দেওয়া হয়নি। তাই তাদের জন্য পরিদর্শন কক্ষও নির্দিষ্ট নয়। এ কারণে এভাবে দলবল নিয়ে এসে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার অবতারণা কোনো ভাবেই গ্রহণযোগ্য নয়। আপনি যদি অধিকার দেখাতে চান, তাহলে পরিপত্র অনুযায়ী হতে হবে। এমন কোনো ডকুমেন্টস আছে কি আপনার?

এতে ক্ষুব্ধ হন বিলকিস ইসলাম। একপর্যায়ে তিনি বিষয়টি দেখে নেওয়ার চ্যালেঞ্জ করেন। বিলকিস ইসলাম বলেন, আমার দল সহজ সরল হলেও আমি নই। কোনো ক্ষেত্রেই ছাড় দিবো না। এটা সংসদেও উঠাব এবং এমপিগিরি দেখাব। আমি আমার অধিকার আদায় করে নিব। সারা দেশে কোথায় কীভাবে কী করা হয়েছে তা আমি জানতে চাই না। সৈয়দপুর ও কিশোরগঞ্জের পরিদর্শন কক্ষে আমার স্থান দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা, সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, এম এ পারভেজ লিটন এবং সৈয়দপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মাজহারুল ইসলাম।

এ বিষয়ে সৈয়দপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আকতার বলেন, উপজেলা পরিষদ ভবনের পরিদর্শন কক্ষের উদ্বোধনী নামফলকে দুই সংসদ সদস্যেরই নাম থাকা উচিত ছিল। তার ভাষ্য, যেহেতু উপজেলা প্রশাসন উদ্বোধনের ব্যবস্থা করেছেন, তাই পরিপত্র অনুযায়ী নামফলক তৈরি করবেন। এতে যখন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যের নাম থাকবে না, তখন তাকে আমন্ত্রণ জানানো ঠিক হয়নি।

তবে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা বলেন, উদ্বোধনী অনুষ্ঠানটি উপজেলা প্রশাসন আয়োজন করেনি। দুই সংসদ সদস্যের জন্য ওই কক্ষটি উদ্বোধনের আয়োজন তারাই করেছেন।

Advertisement