Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:01 pm
জামালপুর

মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ

মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক শিক্ষার্থী ও তার সহপাঠীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।

২৬ আগস্ট, বুধবার দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী রাফি আহমেদ ও তার পরিবারের সদস্যরা।

Advertisement

লিখিত বক্তব্যে রাফি আহমেদ জানান, চলতি বছরের এপ্রিল মাসে বিশ্ববিদ্যালয়ের ছুটিতে বাড়িতে এসে এলাকায় মাদকের বিস্তার দেখতে পান তিনি। পরে মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের সঙ্গে মাদকবিরোধী প্রচারণায় অংশ নেন। এর কিছুদিন পর মাদারগঞ্জ থানা পুলিশ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তারা জামিনে মুক্ত হয়ে এলাকায় আবারও বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ করেন তিনি।

রাফি জানান, চলতি আগস্ট মাসে ছুটিতে বাড়িতে আসার পর গত ২৩ আগস্ট মাদারগঞ্জ উপজেলার জোনাইল নয়াপাড়া গ্রামের সাঈদ, মনির ও সেলিম সরকারসহ কয়েকজন তার ও সহপাঠীদের ওপর হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন বলে দাবি করেন ভুক্তভোগীরা।

তাদের অভিযোগ, হামলার বিষয়টি পুলিশকে জানালে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে ওইদিনই মাদারগঞ্জ থানায় অভিযোগ করতে গেলে থানার সামনেও অভিযুক্তরা তাদের ওপর হামলা চালিয়ে মারধর করেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তাদের ওপর ধারাবাহিকভাবে হামলা চালানো হয়েছে। তারা নিজেদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সংবাদ সম্মেলনে হামলার শিকার রাফি আহমেদ, মো. বিপুল, আব্দুল্লাহ আল মাহিম এবং রাফির বাবা মো. আসাদ বক্তব্য দেন। এ সময় হামলার ঘটনা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন রাফি আহমেদ।

Advertisement