জামালপুর প্রতিনিধি : জামালপুরে ঘোড়ার মাংস বিক্রির চক্রের সদস্যদের ছেড়ে দেওয়ার অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান (মেহেদী)কে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মাহমুদুল হাসান (মেহেদী)কে বহিষ্কার করা হয়েছে।
এর আগে গত ২৩ আগস্ট জামালপুর সদর উপজেলার নরুন্দি এলাকায় ৯৫০ কেজি ঘোড়ার মাংসসহ পাঁচজনকে আটক করে পুলিশ। একই ঘটনায় স্থানীয়রা ঘোড়ার মাংস বিক্রির চক্রের আরও চার সদস্যকে আটক করে পুলিশের কাছে হস্তান্তরের জন্য নিয়ে আসে। অভিযোগ রয়েছে, ওই চারজনকে পুলিশের হাতে তুলে না দিয়ে টাকা নিয়ে ছেড়ে দেন ছাত্রদল নেতা মাহমুদুল হাসান (মেহেদী)।
এ ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর দলীয়ভাবে বিষয়টি খতিয়ে দেখা হয়। পরে কেন্দ্রীয় ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে মাহমুদুল হাসান (মেহেদী) বলেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। মানুষের মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান শুমিল বলেন, বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদল দেখেছে এবং মেহেদীর বক্তব্যও শুনেছে। পরে কেন্দ্র থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।




