স্টাফ রিপোর্টার ||
মাদকবিরোধী স্লোগান মুখে, কিন্তু কাজে উল্টো চিত্র এমনই এক নজির গড়লেন জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শাকিল।
ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, ছাত্রদল নেতা শাকিল প্রকাশ্যে বোতলে পাইপ বসিয়ে গাঁজা টানছেন, পাশে আরও কয়েকজন যুবক।
শাকিল মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া গ্রামের মো. বাবুলের পুত্র।
মাত্র এক মাস আগে (১৬ জুলাই) জেলা ছাত্রদল ঘোষিত ৯ সদস্যের কমিটিতে তিনি সাধারণ সম্পাদক পদে আসীন হন। কিন্তু ক্ষমতার স্বাদ পাওয়ার আগেই মাদক কেলেঙ্কারিতে জড়িয়ে সংগঠনের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করলেন তিনি।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল থেকেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মুহূর্তেই তা রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। অনেকে মন্তব্য করছেন ছাত্রদলের নেতাদের মধ্যে মাদকাসক্তদের দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলেছে, যা প্রমাণ করছে সংগঠনের ভেতরের নৈতিক অবক্ষয়।
এ বিষয়ে শাকিল দাবি করেন, এটি আমার বিরুদ্ধে সাজানো ষড়যন্ত্র। তবে তার এই বক্তব্যে স্থানীয়দের কেউই আস্থা রাখেননি।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন সাফ জানিয়ে দেন যারা গাঁজা সেবন করে এবং এমন ঘটনায় ভাইরাল হয়, তাদের ছাত্রদলে থাকার কোনো অধিকার নেই।
জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিলও স্বীকার করেন, ছাত্রদল সবসময় মাদকের বিরুদ্ধে কঠোর। ভাইরাল হওয়া ছবিটি দেখেছি, ব্যবস্থা নেওয়া হবে।
জেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ছাত্রদলে মাদকাসক্তদের কোনো স্থান নেই।
অবশেষে সংগঠনের ভাবমূর্তি রক্ষার জন্য জেলা ছাত্রদল শাকিলকে বহিষ্কার করেছে। তবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে মাদকের আসক্তরা কিভাবে ছাত্রদলের নেতৃত্বের আসনে বসে যায় এবং বহিষ্কারই বা কতদিনের সমাধান?




