সরিষাবাড়ী প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সাবেক পৌর মেয়রের মিলাদ মাহফিলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে।
একপর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়ায় বিএনপির নেতাকর্মীরা পিছু হটলেও পরে ক্ষুব্ধ হয়ে মসজিদের খাদেমকে মারধর করা হয়।
বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার বাউসী পঞ্চপীর এলাকায় এ ঘটনা ঘটে। এ নিয়ে গত দুই দিন ধরে এলাকায় মৃদু উত্তেজনা ও মুখরোচক আলোচনা চলছে।
স্থানীয় সূত্র জানায়, পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনির উদ্দিন বুধবার রাতে তার বাড়ি সংলগ্ন মসজিদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করেন। মসজিদের মাইকে মিলাদের ঘোষণা করা হলে বিএনপির নেতাকর্মীরা মনির উদ্দিনের বাড়িতে হামলা চালায়।
খবর পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মী ও স্থানীয় লোকজন জড়ো হয়ে বিএনপির লোকদের ধাওয়া দেয়। এসময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে বিএনপির লোকজন পিছু হটে।
পরে ক্ষুব্ধ হয়ে বিএনপির লোকজন মসজিদের খাদেম বাদশা মিয়াকে (৬০) মারধর করে হাতের আঙ্গুল ভেঙে দেয়।
পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় মনির উদ্দিনের বাড়িঘরে তল্লাশি চালানো হলেও তাঁর সন্ধান পায়নি পুলিশ।
- এব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, ‘উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’




