সরিষাবাড়ী প্রতিনিধি : সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকাল ১১টার দিকে আরামনগর বাজারে পুরাতন উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকার প্লাজার সামনে গিয়ে পথসভায় মিলিত হয়।
সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের এমপি ও জেলা বিএনপির সভাপতি মো. ফরিদুল কবীর তালুকদার শামীম।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আউয়াল এবং পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ কে এম ফয়েজুল কবির তালুকদার শাহিন বক্তব্য দেন।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদুল কবীর তালুকদার শামীম আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানান। একই সঙ্গে রাজপথে নৈরাজ্য মোকাবিলার বিষয়ে হুঁশিয়ারি দেন।
কর্মসূচিতে সরিষাবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




