জামালপুরের মাদারগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রবীণ ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সংশ্লিষ্টরা অংশ নেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী।
সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রুহুল আমিন, এনজিও প্রতিনিধি জাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, প্রবীণরা পরিবার, সমাজ ও রাষ্ট্রের দীর্ঘদিনের অভিজ্ঞতার ধারক। তাঁদের অবদান ও অভিজ্ঞতাকে মূল্যায়নের পাশাপাশি বার্ধক্যে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। পরিবার ও সমাজে প্রবীণদের প্রতি দায়িত্বশীল আচরণ এবং তাঁদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
আলোচনা সভায় প্রবীণদের বিভিন্ন সমস্যা, সামাজিক নিরাপত্তা, পারিবারিক দায়িত্ব এবং তাঁদের কল্যাণে সরকারি ও বেসরকারি উদ্যোগের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রবীণ ব্যক্তি, এনজিও প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।




