জামালপুরের মাদারগঞ্জে উপজেলা হাওয়াই রোডের পাশে ৫৭টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয়ভাবে সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলা আনসার ও ভিডিপি সদস্যদের নিজস্ব অর্থায়নে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে আনসার-ভিডিপির সদস্যরা অংশ নিয়ে উপজেলা হাওয়াই রোডের পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার এবং প্রশিক্ষক উত্তম কুমার ধর।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সড়কের পাশে গাছের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই সদস্যদের নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। রোপণ করা চারাগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও সদস্যরা নজর রাখবেন।
তাঁরা বলেন, পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত পর্যায়েও বৃক্ষরোপণ বাড়ানো প্রয়োজন। এ ধরনের কর্মসূচি স্থানীয় মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।




