আব্দুর রহিম খান।।
মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে একটি গিফট সামগ্রীর দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় পাশের দোকানগুলো বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বালিজুড়ী বাজারের বড় মসজিদের উত্তর পাশে অবস্থিত মেসার্স মিম গিফট কর্নারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে দোকান থেকে ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দোকানটির মালিকের বড় ভাই শাহজাহান জানান, আগুন লাগার সময় তারা বাসায় ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন দোকানে আগুন জ্বলছে। তিনি দাবি করেন, আগুনে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে মার্কেটের অন্যান্য দোকান রক্ষা পেয়েছে।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মো. সিদ্দিকুর রহমান জানান, রাত ৩টা ৮ মিনিটে খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দোকানের শাটারের দুটি তালা কেটে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টা ড্যাম্পিং কার্যক্রম চালিয়ে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। তিনি বলেন, প্রায় ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে এবং আনুমানিক ২ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
মাদারগঞ্জের বালিজুড়ী বাজারে গিফট কর্নারে অগ্নিকাণ্ড




