Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:32 pm
মাদারগঞ্জ

কক্সবাজারে বেড়াতে গিয়ে মাদারগঞ্জের ইউপি সদস্যের মৃত্যু

কক্সবাজারে বেড়াতে গিয়ে মাদারগঞ্জের ইউপি সদস্যের মৃত্যু

কক্সবাজারে ভ্রমণে গিয়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কক্সবাজার সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হাই (৪৫) নামের ওই জনপ্রতিনিধির মৃত্যু হয়।

আব্দুল হাই মাদারগঞ্জ উপজেলার ৫ নম্বর জোড়খালী ইউনিয়নের কয়ড়া ফুলারপাড়া এলাকার মৃত হাবিল মণ্ডলের ছেলে। তিনি জোড়খালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য ছিলেন।

Advertisement

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার শ্যালক জয়নাল আবেদিনসহ ৪৫ জনের একটি দল বাসযোগে কক্সবাজারের উদ্দেশে রওনা হয়। সেখানে পৌঁছে কয়েকদিন বিভিন্ন পর্যটনকেন্দ্রে ঘোরাঘুরি করেন তাঁরা। মঙ্গলবার সন্ধ্যার পর সমুদ্রসৈকত থেকে ফিরে সবাই পৃথক ভাড়া বাসায় অবস্থান নেন।

রাতে ভাড়া বাসায় একা থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আব্দুল হাই। বিষয়টি জানতে পেরে স্বজনরা দ্রুত তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্বজনদের ভাষ্য অনুযায়ী, চিকিৎসক তাঁর মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের কথা জানিয়েছেন।

নিহতের শ্যালক জয়নাল আবেদিন বলেন, ‘আমরা ৪৫ জন একসঙ্গে কক্সবাজারে বেড়াতে এসেছিলাম। মঙ্গলবার সন্ধ্যার পর সবাই যার যার ভাড়া বাসায় ছিলাম। আমার দুলাভাই একা একটি কক্ষে ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিয়ে যাই। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’

জোড়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজা মিঞা বলেন, ‘আব্দুল হাই মেম্বার কক্সবাজারে ভ্রমণে গিয়েছিলেন। বুধবার ফজরের সময় তাঁর মৃত্যুর খবর পাই। তাঁর মৃত্যুতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

বর্তমানে আব্দুল হাইয়ের মরদেহ কক্সবাজার সরকারি হাসপাতালে রয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ মাদারগঞ্জে আনার প্রস্তুতি নিচ্ছেন।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই প্রবাসী ছেলে, এক মেয়ে ও অসংখ্য স্বজন-গুণগ্রাহী রেখে গেছেন।

Advertisement