Skip to content
প্রকাশ- November 2, 2026 , 13:35 pm
মুক্তদেশ

হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম

হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে: মীর শাহে আলম

মুক্তকাল প্রতিবেদক: বগুড়ার শিবগঞ্জে ‘গুপ্ত ও নিষিদ্ধদের’ ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলা চত্বরে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

Advertisement

সমাবেশে মীর শাহে আলম বলেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে নিজেরাই হামলা চালিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করা হয়েছে। ওই ঘটনায় জামায়াতের এক সংসদ সদস্যের জামাই গ্রেপ্তার হয়েছেন বলেও তিনি দাবি করেন। তার ভাষ্য, এসব ঘটনা থেকে ষড়যন্ত্রের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।

তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের অংশ হিসেবে গুপ্ত ও নিষিদ্ধরা নানা অপতৎপরতায় লিপ্ত হয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে দেশের জনগণ শেখ হাসিনাকে আর মেনে নেবে না।

বিএনপির রাজনৈতিক আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। ষড়যন্ত্র কিংবা ভয়ভীতি দেখিয়ে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না।

তিনি বলেন, দেশের মানুষের প্রত্যাশা পূরণ, গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা এবং শান্তি-শৃঙ্খলা সমুন্নত রাখতে সরকার কাজ করছে। এ অগ্রযাত্রা ব্যাহত করতে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য বা ষড়যন্ত্র বরদাশত করা হবে না।

এর আগে উপজেলা চত্বর থেকে একটি মশাল মিছিল বের করা হয়। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। পরে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

Advertisement