Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

বকশীগঞ্জে সাপের ছোবলে দিনমজুরের মৃত্যু

বকশীগঞ্জে সাপের ছোবলে দিনমজুরের মৃত্যু

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের ছোবলে আবদুল হামিদ (৪৮) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আবদুল হামিদ ওই গ্রামের আবদুল ওয়াহেদের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রায় ১১টার দিকে বাড়ির পাশে ছাগল চড়াতে যান আবদুল হামিদ। এ সময় পাশের জঙ্গলে একটি সাপ দেখতে পান তিনি। সাপটিকে তাড়ানোর চেষ্টা করলে হঠাৎ করে বিষাক্ত সাপটি তার দিকে ছুটে আসে এবং পায়ে ছোবল দেয়।

সাপের ছোবল খেয়ে তিনি বাড়িতে ফিরে আসেন। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না দিলেও কিছু সময় পর তার শরীরে তীব্র বিষক্রিয়ার লক্ষণ দেখা দেয়। দুপুরের দিকে তার অবস্থা অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনরা জানান, আবদুল হামিদ ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি গভীরভাবে শোকাহত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেরুরচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু বলেন,
“সাপের ছোবলে দিনমজুর আবদুল হামিদের মৃত্যুর বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। পরিবারটি অত্যন্ত দরিদ্র, প্রশাসনের পক্ষ থেকে সহায়তার ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।”

স্থানীয়রা জানান, এলাকায় প্রায়ই বিষাক্ত সাপের দেখা মেলে। তারা দ্রুত বনবিভাগ ও স্বাস্থ্য বিভাগকে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Advertisement