Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:01 pm
জামালপুর

মাদারগঞ্জে ৩ যুগেও হয়নি সেতু, দুর্ভোগে ২০ হাজার মানুষ

মাদারগঞ্জে ৩ যুগেও হয়নি সেতু, দুর্ভোগে ২০ হাজার মানুষ

আব্দুর রহিম খান,

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের চরগোলাবাড়ি এলাকায় একটি সেতুর অভাবে দীর্ঘ তিন যুগ ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন অন্তত পাঁচটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষ।
জানা গেছে, ইউনিয়নের জোড়খালী, খিলকাটি, হাটমাগুড়া, জামদহ ও ফুলজোড় গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা চরগোলাবাড়ি হয়ে ইউনিয়ন পরিষদ-খিলকাটি সড়ক। কিন্তু মাঝপথে একটি খাল থাকায় এই সড়কে চলাচল চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে খালের উপর কোনো সাঁকো বা সেতু নির্মাণ না হওয়ায় বছরের বেশিরভাগ সময়ই দুর্ভোগ পোহাতে হয়। বর্ষাকালে খেয়া নৌকায় পারাপার সম্ভব হলেও শুষ্ক মৌসুমে পানি কমে যাওয়ায় যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়। এতে করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক ও রোগীরা সবচেয়ে বেশি কষ্টে পড়েন।
চরগোলাবাড়ি এলাকার শিক্ষার্থী আল-আমিন বলেন, “খাল পার হতে না পারায় নিয়মিত ক্লাসে যেতে পারি না। কৃষকরা ফসল বাজারে নিতে পারেন না, অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কষ্টকর হয়ে পড়ে।”
স্থানীয় সহকারী শিক্ষক সাইফুল ইসলাম বলেন, “জন্মের পর থেকেই শুনে আসছি এখানে একটি সেতু হবে, কিন্তু আজও তা বাস্তবায়ন হয়নি। এটি আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি।”
স্থানীয় ইউপি সদস্য আমিনুর রহমান আনিছ বলেন, “সেতু না থাকায় বর্ষায় নৌকা আর শুকনায় পায়ে হেঁটে চলতে হয়। যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ থাকে। জনস্বার্থে সেতুটি খুব জরুরি।”
জোড়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজা মিয়া জানান, “চরগোলাবাড়ি এলাকায় ইউনিয়ন পরিষদ ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেতু না থাকায় শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন। উপজেলা প্রকৌশল বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।”
এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, “জোড়খালী ইউপি অফিস থেকে খিলকাটি পর্যন্ত সড়কে প্রায় ৩০০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। সয়েল টেস্টের জন্য সংশ্লিষ্ট টিম আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। পরীক্ষা সম্পন্ন হলে পরবর্তী কার্যক্রম শুরু হবে।”
Advertisement