সাজ্জাদ হোসাইন শাহীন||
জামালপুরের মেলান্দহে মোজাফফর হোসেন (৫০) নামে এক স্কুলের অফিস সহায়কের বিরুদ্ধে দায়িত্বে অনুপস্থিত থেকেও নিয়মিত বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালুরচর-কাজাইকাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘ ২ বছর ধরে ওই অফিস সহায়ক স্কুলে উপস্থিত না থেকেও রাতের আঁধারে হাজিরা খাতায় স্বাক্ষর করেন এবং সরকারি বেতন-ভাতা ভোগ করেন। এতে শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অভিযোগ রয়েছে, তিনি ১৯৯৯ সালে স্কুলে অফিস সহায়ক হিসেবে যোগদান করার পর থেকেই তিনি ঠিকমত স্কুলে যাননা। শ্যামপুর ইউনিয়ন আ’লীগের সহ- সভাপতি হওয়ার পর প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় তিনি মাসের পর মাস বিদ্যালয়ে নিয়মিত না থেকেও প্রধান শিক্ষককে পেশী শক্তির জিম্মি রেখে বিল তুলছেন।
স্থানীয় আলমগীর হোসেন নামে এক ব্যক্তি বলেন, মোজাফফর হোসেন আ’লীগের নেতা। সেই প্রভাবে ২ বছর স্কুলে না এসেও বিল তুলছেন।সরকার পরিবর্তন হওয়ার পরে তিনি স্কুলে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। আগের দলীয় প্রভাব তার মধ্যে দেখা যায়।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, অফিস সহায়ক উগ্র প্রকৃতির লোক।তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই ভয়ভীতি দেখান। সেজন্য কেউ তার বিষয়ে মুখ খুলতে চাননা।
তবে এ বিষয়ে অভিযুক্ত অফিস সহায়কের মুঠোফোনে একাধিকার যোগাযোগ করলেও রিসিভ না করায় কোনো মন্তব্য জানা যায়নি ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা অফিস সহায়ক মোজাফফর এর বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
এ নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুইঁয়া বলেন,বিষয়টি শুনলাম। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।




