মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
জামালপুরের মাদারগঞ্জে বিএনপির প্রতিনিধি সভায় ছাত্রদল নেতাদের অজ্ঞতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহসম্পাদক ও জামালপুর-৩ (মাদারগঞ্জ–মেলান্দহ) আসনের সম্ভাব্য প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।
শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হায়রে ছাত্র! হায়রে ছাত্রদল! আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব, অথচ নেতৃত্ব দেওয়ার ন্যূনতম যোগ্যতাও আমাদের নেই।”
সভায় বক্তৃতাকালে তিনি তিন ছাত্রদল নেতাকে প্রশ্ন করেন—‘ডাকসুর পূর্ণরূপ কী?’
কিন্তু কেউই উত্তর দিতে না পারায় ক্ষোভে বলেন, “বসো, বসো… বাহ! আমরা ছাত্র সমাজকে নেতৃত্ব দেব? আমাদের যোগ্যতা নাই বলেই ডাকসু, জাকসু, রাকসু, চাকসুতেও আমরা হেরে যাই।”
ঘটনাটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বাবুল বলেন, “যোগ্যতা নাই, কর্ম নাই, সাধারণ ছাত্রদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। কলেজ, হাইস্কুল বা বিশ্ববিদ্যালয়—কোথাও ছাত্রদলের ইতিবাচক ভূমিকা নেই।”
তিনি আরও যোগ করেন, “আল্লাহ চাইলে আগামী ফেব্রুয়ারিতে বিএনপি আবার ক্ষমতায় আসবে। কিন্তু আমরা বেশিদিন টিকতে পারব না যদি মানুষের মন জয় করতে না পারি। আমাদের ভোট ১৪ শতাংশ নয়, আরও কমেছে।”
দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীরাই পড়ে। কিন্তু তারা আমাদের ভোট দেয় না। কারণ আমরা তাদের মন জয় করতে পারিনি—এটাই আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা।”
সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।




