স্টাফ রিপোর্টার||
শিক্ষা মন্ত্রণালয়ের অশোভন বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত কয়েকটি অশোভন বিজ্ঞপ্তি শিক্ষাঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর মহাপরিচালক।
বক্তারা বলেন, মেয়াদ থাকা সত্ত্বেও মহাপরিচালকের পদত্যাগ এবং সেই পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রশাসনিক শিষ্টাচার ও নৈতিকতার পরিপন্থী।
সাধারণ শিক্ষার্থী মাহমুদুল হাসান বিবেক বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের এমন অশোভন বিজ্ঞপ্তি শিক্ষাঙ্গনের মর্যাদা নষ্ট করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
আল-আমিন রুহানি বলেন, “মাউশির মহাপরিচালক একজন সৎ ও দক্ষ কর্মকর্তা। তাকে পদত্যাগে বাধ্য করা শিক্ষা ব্যবস্থার জন্য নেতিবাচক দৃষ্টান্ত।”
শিক্ষার্থী শাহরিয়ার বায়েজিদ বলেন, “আমরা চাই, ওই বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করে মহাপরিচালককে স্বপদে বহাল রাখা হোক।”
শিক্ষার্থী শামসুদ্দীন সুলাইমান বলেন, “যদি এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, শিক্ষার্থীরা আরও কঠোর আন্দোলনে নামবে।”
বক্তারা আরও বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের এমন পদক্ষেপে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত বিজ্ঞপ্তি প্রত্যাহার করে সুষ্ঠু শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান তারা।




