Skip to content
প্রকাশ- November 2, 2026 , 14:36 pm
মাদারগঞ্জ

মাদারগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মাদারগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের খরকা হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও।

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খলিলুর রহমান, সহকারী শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, চরপাকেরদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম এবং উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি রফিকুল বারী।

বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে শেখার মধ্যে সীমাবদ্ধ নয়। জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং একটি সমৃদ্ধ সমাজ গঠনে সাক্ষরতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তারা বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় আনা প্রয়োজন। বিশেষ করে ঝরে পড়া শিশু ও শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য উপানুষ্ঠানিক শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে। সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি জ্ঞান ও দক্ষতাভিত্তিক সমাজ গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বিভিন্ন পর্যায়ে কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Advertisement